একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপে সুযোগ পেল প্রায় ১৩ লাখ

দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির সুযোগ পেয়েছে ১২ লাখ ৯৮ হাজার ৭৯২ জন। এ ধাপে ১৩ লাখ ৫৪ হাজার ৩১৭ শিক্ষার্থী আবেদন করে। বাকি ৫৫ হাজার ৫২৫ জন কলেজ পায়নি। গত শুক্রবার রাতে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘দ্বিতীয় ধাপে আবেদন করে ৭৪ শতাংশ শিক্ষার্থী প্রথম পছন্দের কলেজ পেয়েছে। দ্বিতীয় পছন্দের কলেজ পেয়েছে ১৩, তৃতীয় ৬, চতুর্থ ৪ এবং পঞ্চম ২ শতাংশ। বঞ্চিতরা তৃতীয় ধাপে শূন্য আসনে আবেদন করতে পারবে।’

আন্তঃশিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদন করলেও এ ধাপে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৮৪৪ জন কোনো কলেজ পায়নি। এর মধ্যে রাজশাহী বোর্ডে ৭২৪, ঢাকা বোর্ডে ৪৯৬ ও কুমিল্লা বোর্ডে ১৯৩ জন রয়েছে।

নীতিমালা অনুযায়ী, ১৯ ও ২০ জুন দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণের পর ২১ জুন (শুক্রবার) রাতে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়। ২২ ও ২৩ জুনের মধ্যে তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ ছাড়া ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় দফা ভর্তির আবেদন শুরু হবে। এই ধাপের ফল প্রকাশ হবে ২৫ জুন রাতে। ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ১ জুলাই শুরু হবে ক্লাস।