রংপুরের কাউনিয়ায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামির ঘটনার প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (২৬) নামে এক কলেজছাত্রকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে।
শনিবার রাতের এ ঘটনায় আহতের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
আনোয়ার উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কাউনিয়া থানা সূত্র জানায়, কিছুদিন থেকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী মৌজার সিংহের কুড়া বাজারে রামনাথ গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শামছুল হক (৫৬) মদ খেয়ে বাজারে প্রকাশ্যে মাতলামি করে নানা রকম অকথ্য ভাষায় গালাগাল করেন।
এ ঘটনায় স্থানীয় কলেজছাত্র আনোয়ার হোসেন প্রতিবাদ করলে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আনোয়ার হোসেন বাজারে গেলে শামছুল হক ও তার সহযোগীরা হাতুড়ি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি জখম করে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় আনোয়ার হোসেনের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শামছুল হক ও তার ছেলে তাজুল ইসলাম, একরামুল হক একরা ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।