দেয়ালে পিঠ ঠেকে গেছে দুই দলেরই। টানা হারে রয়েছে। চাপে। টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্পই নেই। এমন অবস্থায় লর্ডসে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
লর্ডসে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে চলতি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি।
পাঁচ ম্যাচে এক জয় ও তিন হারে ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে এখন পাকিস্তান। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ মাঠে গড়ায়নি। আজ জয়ে ফিরতে চায় অধিনায়ক সরফরাজ আহমেদের দল। আগের দিন মোহাম্মদ হাফিজ জানিয়ে রেখেছেন, হাল ছাড়েননি তারা। এই ম্যাচে জয় দিয়ে লড়াই ফেরার প্রত্যয় তাদের।
অন্যদিকে চাপে আছে দক্ষিণ আফ্রিকারাও। ছয় ম্যাচে এক জয় ও ৪ হারে তিন পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে প্রোটিয়ারা। বৃষ্টির হানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ম্যাচ ছিল অমীমাংসিত। জয়ের স্বপ্ন দেখছে প্রোটিয়া ক্যাপ্টেন ফাফ দু প্লেসিও।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পাকিস্তান জিতেছে ২৭ ম্যাচে আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০ ম্যাচে। একটি ম্যাচ ফলহীন ড্র হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে আছেন প্রোটিয়ারা। তবে পাকিস্তান আজ জিততে মরিয়া।