হাই তোলার জবাব দিলেন পাকিস্তান অধিনায়ক

ভারতের বিপক্ষে খেলার সময় সরফরাজ আহমেদের হাই তোলা ছবি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে কত কিছুই না হচ্ছে। ট্রল করা হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে সরফরাজ বলেন, “হাই তোলা সাধারণ একটি ঘটনা, আমি কোনও পাপ করিনি। যদি হাই তোলার ঘটনা মানুষের অর্থ উপার্জনের রাস্তা করে দেয়, তাহলে সেটা খুবই ভালো ব্যাপার।”

ভারতের বিরুদ্ধে হারের পর অনুরাগী থেকে শুরু করে দেশের সাবেক ক্রিকেটারদের একের পর এক সমালোচনায় এমনিতেই বিদ্ধ হচ্ছিলেন পাক অধিনায়ক। তার উপর কাটা ঘায়ে নুনের ছিঁটের মতো সঙ্গী হয় তার ফিটনেস ইস্যু।

গত সাত দিন ধরে মিম লাভারদের কাছে হটকেকের মতো বিকোতে থাকে সরফরাজের হাই তোলার মুহূর্তের ছবি এবং তার ফিটনেস ইস্যু। কিন্তু ভারত ম্যাচ ভুলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বাইশ গজে হাই তোলার ঘটনাকে ‘সাধারণ ঘটনা’ আখ্যা দিয়ে পাল্টা মিমারদের কটাক্ষ করলেন পাকিস্তান অধিনায়ক।