রাওয়ালপিন্ডিতে প্রথম দিনই লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসে যাওয়ার ক্ষত সারেনি আর শেষ পর্যন্ত। চতুর্থ দিনের সকালে হাতে থাকা শেষ উইকেটটি দ্রুত তুলে নিয়ে ৯০ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পাকিস্তান; তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
আমের জামালের অলরাউন্ড ঝলক আর আজান আওয়াইসের সাবলীল ব্যাটিংয়ে মাত্র দেড় ঘণ্টার মধ্যেই ম্যাচের ইতি টেনে দীর্ঘদিন পর টেস্ট ও সিরিজে জয়ের স্বাদ পেল পাকিস্তান।
আগের দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা চতুর্থ দিনে আর মাত্র ৭ রান যোগ করতেই ৩১৬ রানে গুটিয়ে যায়। দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোকে এলবিডব্লু করে লঙ্কান ইনিংসের পতন ঘটান মোহাম্মদ আব্বাস; ফার্নান্দো রিভিউ নিলেও বল ট্র্যাকিংয়ে মিডল স্টাম্পের ওপরের অংশে আঘাতের চিত্র ধরা পড়ে। ৩৪ ওভার বল করে ১৫টি মেডেনসহ ৫৫ রানে ৩ উইকেট নেন আব্বাস, আর ৬৭ রানে ৩ উইকেট ঝুলিতে পুরেন জামাল।
মামুলি ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। লাহিরু কুমারা অফ স্টাম্পের ওপর বল ফেলে তৈয়ব আরিফকে (১৩) বোল্ড করেন, পরের ওভারেই মোহাম্মদ তাহাকে (৪) এলবিডব্লু করেন আসিথা ফার্নান্দো (রিভিউতেও টিকতে পারেননি তিনি)। ৩৭ রানে ২ উইকেট পড়লেও চাপে পড়েনি পাকিস্তান; চারে উঠে আসা জামাল ২২ বলে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংসে লেগ সাইড ও সোজা ব্যাটে শট খেলে ম্যাচ দ্রুত শেষ করেন, আর ৩৬ বলে ৩২ রানে অপরাজিত থেকে স্কয়ার অব দ্য উইকেটে দারুণ সব বাউন্ডারি মারেন আজান আওয়াইস। দুজনের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত হয়।
এই জয়ের ভিত্তি তৈরি হয়েছিল প্রথম দিনেই, যখন সবুজ উইকেটে পাকিস্তানি পেসারদের তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান ৩২৫ রান তুলে ২২৭ রানের বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ১০ রানে ২ উইকেট হারালেও কুশল মেন্ডিস (৫৩), সোনাল দিনুশা (৫৪) ও মিলান রথনায়েকের (অপরাজিত ৬৬) ফিফটিতে লড়াইয়ে ফেরে সফরকারীরা, তবে প্রথম ইনিংসের সেই বড় ঘাটতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। দ্বিতীয় দিনের শেষ দিকে সাকিব খানের হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়ার পরও শৃঙ্খলিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই জয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ জয়ের পর এটি তাদের প্রথম টেস্ট জয় এবং চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম সিরিজ জয়। এর আগে সবশেষ ২০২৪ সালে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান।
সবশেষ ১১ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়; এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও বাংলাদেশ ও ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল দলটি।
অন্যদিকে ১২ মাস বিরতির পর জুনে লাল বলের ক্রিকেটে ফেরার পর টানা ছয় টেস্টে জয়হীন রইল শ্রীলঙ্কা, যদিও দুদলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে বড় কোনো প্রভাব ফেলেনি এই ফল।
হারের পর এবার শাস্তি পেলেন হৃদয়