দলকে জেতাতে একাই হাল ধরেছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। পাচ্ছিলেন জয়ের সুবাতাসও। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। ৪৯তম ওভারের শেষ বলে সীমানার দড়ির উপর ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন ব্র্যাথওয়েট। নিভে যায় ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপ।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জমিয়ে তুলেছিল উইন্ডিজ। নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে স্নায়ুচাপ ধরে রেখে শেষ হাসি হাসে কিউইরা। ক্যারিয়ার সেরা ব্যাটিং করা ব্র্যাথওয়েটকে থামিয়ে ৫ রানের জয় তুলে নেয় তারা। উইকেট ছাড়ার সময় ব্র্যাথওয়েটের নামের পাশে ঝলমল করছিল ৮২ বলে ১০২ রান।
তবে দল হেরে গেলেও ব্র্যাথওয়েট কুড়িয়ে নিয়েছেন ক্রিকেট বিশ্বের প্রশংসা। ক্রিকেটের জনপ্রিয় তারকারা থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও তাকে প্রশংসা করে টুইট করেছেন।
ব্র্যাথওয়েটের প্রশংসা করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের টুইটারেও, “কার্লোস ব্র্যাথওয়েট দারুণ ব্যাটিং করেছেন। অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন।”
বিরেন্দর শেবাগ টুইটারে লিখেছেন, “কার্লোস ব্র্যাথওয়েট! দারুণ এক সেঞ্চুরি। অনেকদিন মনে রাখার মতো এক ইনিংস। বিশ্বকাপটা এখনো প্রাণবন্ত।”
হার্শা ভোগলে লিখেছেন, “কার্লোস ব্র্যাথওয়েট দুর্দান্ত এক ইনিংস খেলেছে। বিজয় থেকে মাত্র ১২ ইঞ্চি দূরে ছিল। ক্রিকেটের আরো একটি দুর্দান্ত মুহূর্ত।”
ভিভিএস লক্ষণ লিখেছেন, “কার্লোস ব্র্যাথওয়েটের ইনিংসটা কী অসাধারণ। অসম্ভব রান তাড়াটা প্রায় সম্ভব হয়ে উঠেছিল।”