বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি নেওয়ার সময় একদিন কম পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের অনুরোধে বিসিবি একাদশের বিপক্ষে নির্ধারিত তিন দিনের প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিনে আনা হয়েছে। ফলে পরিবর্তন এসেছে সফরের সূচিতেও।
আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বিসিবি একাদশের বিপক্ষে ২২ ও ২৩ অক্টোবর মাঠে নামবে সফরকারীরা।
প্রাথমিক পরিকল্পনায় প্রস্তুতি ম্যাচটি তিন দিনের হওয়ার কথা থাকলেও ক্যারিবীয় দলের বিশেষ অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে। এই পরিবর্তনের কারণে ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন হিসেবে রাখা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল চায় স্বাগতিকরা।
প্রথম টেস্ট শেষে দুই দল যাবে সিলেটে। সেখানে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।