ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় পুলিশের গুলিতে শহিদুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
বোরবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম ওই উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, তারা গোপন সূত্রে খবর পায় মথুরাপুর গ্রামে শহিদুল ইসলাম মাদক নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছেন। এমন খবরে পুলিশের একটি দল মথুরাপুর এলাকায় অবস্থান করে। সে সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পুলিশের উপস্থিতি দেখে তার কোমরে থাকা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে যায়। পুলিশও গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও সাড়ে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।