ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ইসাহাক বিশ্বাস (৬৫) উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে চা দোকানি ইসাহাক বিশ্বাসের পায়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা ইসাহাককে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে যায়। এক পর্যায়ে ওঁঝা ঝাঁড়ফুক করে ব্যর্থ হয়। এসময় ওঁঝা তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রবিবার সকালে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসাহাক মারা যান।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।