পাকিস্তানের দেওয়া ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আক্রমণে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে হাশিম আমলাকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। তবে কুইন্টন ডি কক ও ফ্যাফ দু প্লেসির ব্যাটে শুরু এই ধাক্কা কাটিয়ে উঠেছে প্রোটিয়ারা।
এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯ ওভার শেষে ৯০/১। ডি কক ৪৭ ও দু প্লেসি ৪০ রান নিয়ে ব্যাট করছেন। আমলা ব্যক্তিগত ২ রানেই ফিরেছিলেন।
এর আগে লর্ডসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের পুঁজি পায় সরফরাজ আহমেদের।
উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ইমাম-উল-হক যোগ করেন ৮১ রান। ৪৪ রান করা ফখরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমরান তাহির। এরপর তিনি ফিফটি বঞ্চিত করেছেন ইমামকেও। ৪৪ রান করে তাহিরের বলে কট অ্যান্ড বোল্ট হন ইমাম।
বাবর আজম ও মোহাম্মদ হাফিজ তৃতীয় উইকেটে জমে গিয়েছিলেন। কিন্তু ২০ রান করে আইডেন মারকরামের শিকার হয়েছেন হাফিজ। ফলে বাবরের সঙ্গে তার ৪৫ জুটির অবসান হয়। ১৪৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।
এরপর বাবর ও হারিস মিলে যোগ করেন ৮১ রান। বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আন্দিলে ফেলুকওয়ায়ো। ৮০ বলে ৭ চারে ৬৯ রান করেন বাবর।
তবে হারিস উইকেটে থাকলেন অবিচল। পাঁচ নম্বরে ইমাদ ওয়াসিমকে নিয়ে যোগ করছেন ৭১ রান। ১৫ বলে ৩ চারে ২৩ রান করেছেন ইমাদ। আর হারিস শেষ ওভারে কাটা পড়ার আগে ৯ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ইমরান তাহির।