ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মসজিদ গড়া হয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। মোদির কিছু ভক্ত দাবি করেন মোদির নামে বেঙ্গালুরুতে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। পূর্ব বেঙ্গালুরুর তাসকের শহরের মোদি মসজিদের ইমাম গুলাম রাব্বানি বলেন, এই মসজিদটি প্রায় ১৭০ বছরের পুরনো। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৬৯ বছর। এই মসজিদের নামের সঙ্গে প্রধানমন্ত্রীর নামের কোনো যোগসূত্র নেই। এনডিটিভি বলছে, শুধু তাসকেরের এই মসজিদই নয়, বেঙ্গালুরুর ট্যানেরি রোডের কাছে মোদি মসজিদ নামে আরও দুটি মসজিদ আছে। ১৮৪৯ সালের দিকে তাসকের এক ধনী ব্যবসায়ী ছিলেন মোদি আবদুল গফুর নামে। মোদি আবদুল গফুর নামের ওই ব্যবসায়ীর উদ্যোগে ১৮৪৯ সালে ওই মসজিদটি তৈরি হয়। পরবর্তী সময়ে তার পরিবার বেঙ্গালুরুতে মোদি মসজিদ নামেই আরও দুটি মসজিদ নির্মাণ করেন। এমনকি বেঙ্গালুরুর ট্যানেরি এলাকার একটি রাস্তাও মোদি রোড বলে প্রচলিত হয়ে যায়।