বিভ্রান্তি না ছড়াতে সাংবাদিকদের অনুরোধ রোডসের

বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে তার সম্পর্কটা মধুরই বলতে হবে। অনেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলতে চান। বাংলাদেশ কোচ স্টিভ রোডসের মধ্যে তেমনটা দেখা যায়নি কখনো। তবে সেই রোডস আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ বাংলাদেশের সংবাদমাধ্যমের ওপর ক্ষিপ্ত হলেন। শিষ্য সাইফউদ্দিনকে নিয়ে নানা গুঞ্জনে সাংবাদিকদের বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করলেন।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না সাইফউদ্দিন। কিন্তু সেই ম্যাচে পর সাইউফদ্দিনের চোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু সংবাদমাধ্যমে খবর বেরোয়। ‘বড় ম্যাচ ভীতি’ থেকে সাইফউদ্দিন ইচ্ছে করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেনি বলে গুঞ্জন। এমনকি সাইফউদ্দিনের বিকল্প ভাবতে কোচ, অধিনায়ক, নির্বাচকের বৈঠক হয় বলেও খবর প্রকাশ হয়।

এসব খবর মোটেও ভালোভাবে নেননি রোডস। আফগান ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে বললেন, ‘‘পত্রিকায় যেসব প্রতিবেদন এসেছে, সেগুলো সত্যি নয়। এমন কথাটা শোনা গেছে যে, সাইফউদ্দিনের বদলি ঠিক করতে আমার সঙ্গে মাশরাফীর নাকি একটা বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকটা আসলে হয়নি। তাই আমার অনুরোধ থাকবে খেলোয়াড়দের সততা নিয়ে প্রশ্ন করার আগে সেটা সত্য কি না, সেই বিষয়টা শতভাগ নিশ্চিত হয়ে নিতে। কারণ কোনো মিথ্যা খবর প্রকাশিত হলে সেটি সেই খেলোয়াড় কিংবা বাংলাদেশের জন্য ভালো নয়।’’

রোডস এখানেই থামেন না, ‘‘এমন কিছু যদি লেখা হয়, যা সত্যি নয়, সেটা দলের ক্ষতি করতে পারে। আমি বিশ্বকাপ জিততে উন্মুখ। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের পাহাড় ডিঙাতে হবে। এই পথচলায় যদি এমন কিছু আসে সেটা লেখার আগে দয়া করে একটু নিশ্চিত হয়ে নেবেন।’’