১৯-দলীয় জোটের বৈঠক আজ সন্ধ্যায়

বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের বৈঠক আজ সোমবার। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হবে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।

তিনি বলেন, বৈঠকে দেশের চলমান রাজনীতির বিভিন্ন বিষয়ের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জোটে টানাপড়েন শুরু হয়। এরই একপর্যায়ে জোট ছাড়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জাতীয় পার্টি (বিজেপি)। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.)  অলি আহমদ জোট ছেড়ে অন্য কোনো জোট গঠনের ঘোষণা দেবেন বলে গুঞ্জন রয়েছে। এ অবস্থায় অস্বস্তির মধ্যে পড়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে ১৯-দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।