রানীশংকৈলে গৃহবধূকে বর্বর নির্যাতন

জমিসংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক গৃহবধূকে পাশবিক নির্যাতন করা হয়েছে। বর্বরতার শিকার ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। গত শনিবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে বেড়া কেটে ঘরে প্রবেশ করে এ নির্যাতন চালানো হয়।

গৃহবধূর স্বামী অভিযোগ করেন, রাত ২টার পর ওই গ্রামের মতিনের নেতৃত্বে আফজাল, রেজাউলসহ ৮-১০ জন বেড়া কেটে ঘরে ঢুকে। পরে তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এতে জ্ঞান হারিয়ে ফেলেন গৃহবধূ। পরে পালিয়ে যায় তারা। প্রতিবেশীরা ওই রাতেই রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গৃহবধূকে। অবস্থার অবনতি হলে সকালে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের চিকিৎসক এম আর রেজা বলেন, ওই গৃহবধূ এখন শঙ্কামুক্ত। তবে প্রচুর রক্তক্ষরণে দুর্বল।

রানীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি আবদুল মান্নান।