নরসিংদীতে ভুয়া ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট করার সময় এক রোহিঙ্গা নারীসহ দালালকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রবিবার বেলা ৩টার দিকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দালাল ইমান আলী ও রোহিঙ্গা নারী ইয়াসমিন আক্তার (২০)।
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জরুরি সেবার ভিত্তিতে দালাল ইমান আলী রোগী সাজিয়ে এক রোহিঙ্গা নারীকে নিয়ে পাসপোর্ট করতে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তারা কাগজপত্রে মাধবদী পৌরসভার ঠিকানা ব্যবহার করেন। কাগজপত্র জাল শনাক্ত হলে তাদের আটক করা হয়। একপর্যায়ে ইমান আলী স্বীকার করেন ইয়াসমিন আক্তার নামে যাকে তিনি নিয়ে এসেছেন, তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাজাহান কবির বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে এই নারীকে নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাহ আলম নামে একজন এই নারীকে ইমান আলীর কাছে হস্তান্তর করেন। পরে তারা দুজন পাসপোর্ট অফিসে আসেন কাগজপত্র জমা দিতে। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করা হয়। সেখানে জাতীয় পরিচয়পত্র কার্ড নেই। অন্য যেসব কাগজপত্র যুক্ত করা হয়েছে, তার বেশির ভাগই জাল। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দজ্জামান বলেন, রোহিঙ্গা নারীসহ দালালকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।