ফেসবুক লাইভের হিড়িকে উদ্ধারকাজে বিঘ্ন

লোকজনের ভিড় আর ফেসবুক লাইভের কারণে মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত ঢাকাগামী উপবন এক্সপ্রেসের উদ্ধারাভিযানে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উয়ারদৌস হাসান জানান, অতি উৎসাহী জনতা আর ফেসবুক লাইভের হিড়িক পড়ে যায় ঘটনাস্থলে। এতে উদ্ধারকাজে যথেষ্ঠ সমস্যা হয় দমকল বাহিনীর।

এ কারণে দুর্ঘটনা এলাকা থেকে উৎসুক জনতাকে সরে যেতে মাইকিং করতে হয় পুলিশকে। সেই সঙ্গে ফেসবুক লাইভ বন্ধ করার আহ্বান জানান তারা।

রোববার রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনসংলগ্ন একটি ব্রিজে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ দুর্ঘটনায় পতিত হয়।

ব্রিজ ভেঙে সাতটি বগির মধ্যে দুটি ছিটকে খালে পড়ে যায়, তিনটি লাইনচ্যুত হয়ে স্থলভাগে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয় এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

যাত্রীদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বরমচাল বাজারে অবস্থানরত স্থানীয় বাসিন্দা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় মসজিদে মাইকিং করে উদ্ধার কাজে নামেন এলাকাবাসী। পুরুষ সদস্যদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন নারীরাও।

কুলাউড়া উপজেলার চেয়ারম্যান এ এক এম সফি আহমদ (সলমান) জানান, আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আবদুল বারির স্ত্রী বলে জানা গেছে।

খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালাল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়া ঘটনাস্থলেও বিজিবিও রয়েছে।

দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।