লটারি কেটেছিলেন বিচ্ছেদের আগে। জিতেছেন বিচ্ছেদের পর। এখন সেই টাকার ভাগ দিতে হচ্ছে সাবেক স্ত্রীকে। তাও আবার আদালতের নির্দেশে!
অদ্ভুত এই ঘটনাটি আমেরিকার মিশিগানের। এনডিটিভি জানিয়েছে, ২০১৩ সালে লটারির টিকিট কেটেছিলেন রিচার্ড জেলাস্কো। তাতে ৮০ লাখ ডলার পেয়ে রাতারাতি ধনী হয়েছেন তিনি। কিন্তু সমানতালে বিপাকেও পড়েছেন।
বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন এই টিকিট কেটেছিলেন রিচার্ড তাই আদালতের নির্দেশ, ওই টাকার ভাগ দিতে হবে প্রাক্তন স্ত্রী মেরি জেলাস্কোকে।
লটারি জেতার খবর জানার পরেই তিন বিচারকের এক বেঞ্চ এমন সিদ্ধান্ত নিয়েছেন গত ১৩ জুন।
সাত বছর দাম্পত্য জীবন কাটানোর পর জোলাস্কো দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। কিন্তু ২০১৮ সালেও সেই মামলার কোনও রায় বের হয়নি। এদিকে ২০১৩ সালে ওই লটারির টিকিট কাটেন রিচার্ড। গত সপ্তাহে জানা যায়, তিনি লটারি জিতেছেন। তারপরেই বিচারকদের এমন নির্দেশ।
রিচার্ডের উকিল জানিয়েছেন, তিনি আদালতের এই নির্দেশ মেনে নিতে পারছেন না। তার দাবি, রিচার্ড ভাগ্যবান বলেই এই টাকা পেয়েছেন। তাই তার দাবিদার তিনি একাই। ইতিমধ্যে তিনি কোর্টের এই রায়ের বিপক্ষে আরেকটি মামলাও দায়ের করেছেন।
আদালত বলছে, তিন বাচ্চা ও স্ত্রীর ভরণপোষণের জন্য কিচ্ছু দেননি রিচার্ড। অথচ মামলা লড়তে গিয়ে হয়রানিতে সমানভাবেই ভুগেছেন দুপক্ষ। তাই ভালোটাও সমান ভাগেই ভাগ হওয়া উচিত তাদের মধ্যে।