বাংলাদেশের বিপক্ষে ফেভারিট আফগানিস্তান!

বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আফগানিস্তান। পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে একেবারে তলানিতে। এরপর বাংলাদেশের বিপক্ষে দলটি নাকি ফেভারিট! টাইগারদের বিপক্ষে ম্যাচের আগের দিন এমনটাই দাবি করে বসলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

মঙ্গলবার সাউদাম্পটনের দ্য রোজ বল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দল দুটি। সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

কিন্তু লড়াইটির আগে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে থাকা বাংলাদেশকে হুঙ্কার শোনালেন আফগানিস্তান দলের তারকা অলরাউন্ডার নবি। ম্যাচটিতে ফেভারিট প্রশ্নে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, “অবশ্যই আফগানিস্তান ফেভারিট। আমাদের দল নিয়ে অন্য দলগুলোর মতোই কিছু পরিকল্পনা ছিল। কিন্তু ক্রিকেটে প্রত্যেক ম্যাচেই আপনাকে নিজের সেরাটা ঢেলে দিতে হবে।”

বাংলাদেশকেও শক্তিশালী মানছেন নবি, “বাংলাদেশ শক্তিশালী একটি দল। বিশ্বকাপে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজেও জিতেছে। ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ কেন, যেকোনো দলকেই হারাতে পারি আমরা।”

নবি আরো বলেন, “আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। বাংলাদেশ ও আফগানিস্তান দুটিই ভালো দল। যারা ভালো খেলবে শেষপর্যন্ত, জয়লাভ করবে তারাই।”