বিশ্বকাপে বাংলাদেশি হিসেবে প্রথম কীর্তি সাকিবের

বিশ্বকাপে ব্যাট হাতে স্বপ্নের সময় পার করছেন সাকিব আল হাসান। দুর্দান্ত ছন্দে থাকা এই অলরাউন্ডার একেক দিন গড়ছেন একেক কীর্তি। সোমবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলার পথে গড়লেন দারুণ এই মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

এদিন মাঠে নামার আগে মাইলফলকটি থেকে ৩৫ রান দূরে ছিলেন সাকিব। ম্যাচের ২১তম ওভারে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন বিশ্বকাপে হাজার রানের কীর্তি।

সাকিবের আগে বিশ্বকাপে এই কীর্তি গড়েছেন আরও ১৮ জন। তবে বর্তমানে খেলা তারকাদের মধ্যে শুধু ক্রিস গেইলই ১ হাজার রানের মালিক।

সাকিব ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন এদিন। এবারের আসরে ষষ্ঠ ইনিংসে এটি সাকিবের পঞ্চম ফিফটি ছোঁয়া স্কোর। যার ২টি সেঞ্চুরি ছোঁয়া ইনিংস। ৬ ম্যাচে ৪৭৬ রান নিয়ে সাকিব এখন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে।

এদিন দারুণ একটা ডাবলও হয়ে গেছে সাকিবের। সনাৎ জয়াসুরিয়ার পর বিশ্বকাপে ১ হাজার রান ও ২৫ উইকেটের ডাবলের কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা ২৮টি। আর মাত্র ২টি উইকেট পেলেই প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান ও ৩০ উইকেটের ডাবলের কীর্তি গড়বেন। এ ম্যাচেই কি সেই রেকর্ড হবে সাকিবের?