যুক্তরাষ্ট্রের সাইবার হামলা সফল হয়নি: ইরান

যুক্তরাষ্ট্রের সাইবার হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন ড্রোন ভূপাতিত করার পালটা জবাবে ইরানে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন দাবি করে, সাইবার হামলার করে ইরানের রকেট ও মিসাইল লঞ্চার নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলো অকেজো করে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ দাবি নাকচ করে দিয়েছে ইরান।

রয়টার্স জানায়, এক টুইটার বার্তায় ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাভাদ আজারি জাহরমি লেখেন, “তারা (যুক্তরাষ্ট্র) চেষ্টা করেছিল। কিন্তু এ হামলা সফল হয়নি।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের এ দাবি যদি সত্যি হতো সংবাদমাধ্যমগুলো তা প্রকাশ করত।”

গত বছর ৩ কোটি ৩০ লাখ সাইবার হামলা অকেজো করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার হরমুজ প্রণালির আকাশসীমায় ড্রোনটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ১৩০ মিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড।

এর পরেই প্রাথমিকভাবে ইরানের রাডার ব্যবস্থা এবং মিসাইল ব্যাটারিতে আঘাত হানার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে এই হামলা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি।

তবে পরবর্তীতে ইরানের সমরাস্ত্র ব্যবস্থায় এ সাইবার হামলা চালিয়েছে ওয়াশিংটন। একে 'বড় ধরনের হামলা' বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।