চট্টগ্রামের হাটহাজারীতে জামাতার হাতে খুন হয়েছেন শ্বশুর। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন এলাকা থেকে তরুণের গলাকাটা লাশ এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
হাটহাজারী (চট্টগ্রাম) : জামাতা মো. সুজনের (২৫) ছুরিকাঘাতে শ্বশুর মো. আবদুল হাকিম (৫০) খুন হয়েছেন। গত রবিবার রাতে হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপোল সংলগ্ন এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম নেত্রকোনার দুর্গাপুরের মৃত আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জামাতা সুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মেয়ের জামাতার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জামাতা ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে ছুরিকাঘাত করেন।
চাঁপাইনবাবগঞ্জ : সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন পিরোজপুর এলাকা থেকে সাজেদুল ইসলাম বাবু (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে ফেনসিডিলও উদ্ধার করা হয়। নিহত সাজেদুল শিবগঞ্জ উপজেলার সোনাপুরের আজমল হোসেনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মুন্সীগঞ্জ : লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে গতকাল সোমবার সকালে পায়ে ইট বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৬টার দিকে উপজেলার মাওয়া পুরনো ফেরিঘাট এলাকা সংলগ্ন পদ্মা নদীতে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অনুমান ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্যত্র কোথাও হত্যা করে পায়ে ইট বেঁধে মরদেহ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।