পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ

দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারানোর মাধ্যমে সমালোচকদের সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান। এই মন্তব্য সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। ‘সুইং অব সুলতান’খ্যাত সাবেক এই ফাস্ট বোলার এক টিভি অনুষ্ঠানে বলেছেন, জয়ই যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের সমুচিত জবাব দেওয়ার সঠিক উপায়। তবে পাকিস্তানের ফিল্ডিংয়ের সমালোচনা করতে ছাড়েননি তিনি, ‘পাকিস্তান এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৪টি ক্যাচ ফেলেছে। ড্রপ ক্যাচের লিস্টে আমরা শীর্ষে, যা মোটেও ভালো লক্ষণ নয়। তবে এটা নতুন সমস্যা নয়। আমাদের এর সমাধান বের করতে হবে।’
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ায় অধিনায়ক সরফরাজের সমালোচনা করেছিলেন ওয়াসিম। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ায় খুশি ওয়াসিম, ‘সিদ্ধান্তে (ব্যাটিংয়ের) বিশেষজ্ঞ থেকে সমর্থকরা সবাই খুশি।’ পাকিস্তানি ব্যাটসম্যানদের প্রশংসা করে ওয়াসিম বলেন, ‘ওপেনার ও বাবর শুরুতে ভালো করেছে। কিন্তু বাবরকে হাফসেঞ্চুরি সেঞ্চুরিতে পরিণত করতে হবে।’
প্রোটিয়াদের সঙ্গে দলের পারফরম্যান্সে খুশি পাকিস্তানের আরেক সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি মনে করেন বাকি ম্যাচগুলোতে ভয়ডরহীন ক্রিকেট খেললে সেমিতে জায়গা করে নেবে পাকিস্তান।
নিজের ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমি পাকিস্তানকে চাপহীন ক্রিকেট খেলার পরামর্শ দেব, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এবং তাদের প্রতিভার প্রদর্শন করতে হবে।’