তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পদে পুনর্নির্বাচনেও হেরে গেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এর মধ্য দিয়ে শহরটিতে একে পার্টির টানা ২৫ বছরের কর্তৃত্বের অবসান হলো।
গতকাল রবিবার অনুষ্ঠিত পুনর্নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী একরেম ইমামগ্লু।
এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে একরেম মেয়র নির্বাচিত হওয়ার পর সরকারি দল পুনর্নির্বাচনের দাবি তোলে। পরে গত মে মাসে পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সেই মোতাবেক ২৩ জুন পুনর্নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জয়ে একরেমকে অভিনন্দন জানিয়েছেন শহরটির সাবেক মেয়র ও তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান।
এদিকে জয়ের পর দেওয়া এক ভাষণে একরেম ইমামগ্লু এই শহর ও দেশের জন্য নতুন সূচনা বলে উল্লেখ করে বলেন, ‘ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। এই অধ্যায় থেকে ন্যায়বিচার, সমতা ও ভালোবাসা থাকবে।’ এরদোয়ানের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছেন, ‘ঐকতান রেখে আপনার (এরদোয়ান) সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত।’
এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকারি দলের প্রার্থীকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন একরেম ইমামগ্লু। সে সময় ইস্তাম্বুলে ৮০ লাখের বেশি ভোট গৃহীত হয়। ১৪ হাজারের কম ভোটের ব্যবধানে ইমামগ্লু নির্বাচিত হন। তবে ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ তুলে সরকারি দল একে পার্টি ইস্তাম্বুলে পুনর্নির্বাচনের দাবি তোলে। প্রেসিডেন্ট এরদোয়ানও তার দলের পরাজয় প্রত্যাখ্যান করেন।