তিন ম্যাচ জিতে সেমির স্বপ্নে বিভোর থাকা বাংলাদেশের চিন্তা বাড়িয়ে দিল মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি। ডান পায়ের কাফ মাসলের চোটে এক সপ্তাহ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হবে তাকে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, ২ জুলাই বার্মিংহামে। মাঝখানে সময় এক সপ্তাহ। এর ভেতর বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা সুস্থ হয়ে উঠবেন কি না, সেটি নিয়ে শঙ্কা আছে।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে উইকেটে যাওয়ার একটু পরই খোঁড়াতে শুরু করেন মাহমুদউল্লাহ। দুইবার ফিজিওকে মাঠে আসতে হয়। ব্যথা না কমলেও ব্যাটিং চালিয়ে যান। মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন। ৫২ মিনিটের ইনিংসে ৩৮ বলে দুই চারের মারে ২৭ রান করেন।
ম্যাচের পর স্ক্যান করতে যান। সেখানে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে। এসব ক্ষেত্রে সেরে উঠতে সাধারণত ৭ থেকে ১০ দিন সময় লাগে।