প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, কুমিল্লায় উদ্ধার

প্রেমের ফাঁদে ফেলে অপহরণের তিন মাস ১১দিন পর অপহৃত শেরপুরের কলেজছাত্রীকে কুমিল্লার ইপিজেড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী রবিউল ইসলাম নোমানকে গ্রেপ্তার করে পুলিশ।

অপহৃত ওই কিশোরী শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সোমবার সন্ধ্যায় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, “অপহরণকারী রবিউল নও মুসলিম সেজে গত ১৩ মার্চ ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জাল কাবিন নামার মাধ্যমে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি ভাড়া বাসায় বাস করতে থাকে। কিশোরীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ৩০টি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জুন রোববার সন্ধ্যায় কুমিল্লা জেলার ইপিজেড এলাকা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত রবিউলকে আটক করে শেরপুর থানায় নিয়ে আসা হয়।

রবিউল ইসলাম ওরফে নোমান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের জনৈক আব্দুল লতিফ সরদারের ছেলে। ইতোপূর্বে সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারের উচ্চ শিক্ষিত ছেলে সেজেও একাধিক মেয়ের সঙ্গে প্রতারণার মামলা রয়েছে রবিউলের বিরুদ্ধে।