পাবনার ঈশ্বরদীতে সোহাগ হোসেন (৬) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গুচ্ছগ্রাম সংলগ্ন একটি করল্লাক্ষেতের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু সোহাগ ওই গ্রামের কৃষক আকমল হোসেনের ছেলে। সে চরগড়গড়ি বৌটুবানি পাঠশালার প্রথম শ্রেণির ছাত্র। সোহাগের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত সোহাগের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সোহাগ। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেতের পাশে বিকেলে নিয়মিত খেলাধুলা করে সে।
সোমবার খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। কিন্তু রাতে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে গুচ্ছগ্রামের একটি করল্লা ক্ষেতে সোহাগের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
কে বা কারা কেন তাকে হত্যা করেছে এ সম্পর্কে কিছুই জানা যায়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
শত্রুতার জন্য কেউ এমন নৃশংস কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।