অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করবে স্বাগতিক ইংল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ারও এটি সপ্তম ম্যাচ।

মঙ্গলবার চলতি বিশ্বকাপের ৩২তম ম্যাচে লর্ডসে দুটি পরিবর্তন নিয়ে নামছে অজিরা। একাদশে জায়গা হয়েছে নাথান লায়নের। অপরিবর্তিত দল নিয়ে খেলবে ইংলিশরা।

৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ইংলিশরা প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পায়। কিন্তু তার পরই অপ্রত্যাশিতভাবে হোঁচট খায় শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে।

টুর্নামেন্ট যত এগোচ্ছে, প্রতিযোগিতাও তত কঠিন হচ্ছে। পরপর তিনটি কঠিন ম্যাচ ইংল্যান্ডের সামনে, এবং তার প্রথমটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

অস্ট্রেলিয়া ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। ওপেনাররা ফর্মে থাকার কারণে প্রায় প্রতি ম্যাচেই দারুণভাবে শুরু হচ্ছে তাদের ইনিংস। স্ট্রাইক বোলাররাও ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন।

একদিনের ক্রিকেটে দ্বিপাক্ষিক প্রতিযোগিতার ইতিহাসে পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। তারা জিতেছে ৮১ ম্যাচে, ইংল্যান্ডের জয়সংখ্যা ৬১। তবে সাম্প্রতিক পরিসংখ্যান ইংল্যান্ডকে এগিয়ে রাখছে, কারণ দুই দলের মধ্যে শেষ দশটা ম্যাচের ৯টিতেই জিতেছে তারা।