ক্রিকেটের মক্কা লর্ডসে মঙ্গলবার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু এনে দিয়েছেন দলকে।
স্বাগতিক বোলারদের হতাশায় ডুবিয়ে উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করে ওয়ার্নার ও ফিঞ্চ জুটি। দুজনেই ফিফটি তুলে নেন। ২৩তম ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মইন আলি।
ওয়ার্নার ৬১ বলে ৬ চারে ৫৩ রান করেছেন। এদিনের ইনিংসে সাকিব আল হাসানকে পেছনে ফেলে ফের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন ওয়ার্নার।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ২৫ ওভার শেষে ১৩৮/১। ফিঞ্চ ৭৪ ও উসমান খাজা ৬ রান নিয়ে ব্যাট করছেন।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ম্যাচে জয় পেলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় ও ২ হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। তাদের সেমিফাইনালে খেলার পথটা অবশ্য সহজ নয়। এ ম্যাচে হারালে জটিল সমীকরণের মধ্যে পরতে হতে তাদের।
এদিকে বিশ্বকাপে ১৯৯২ সালের পর আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ইংল্যান্ড। সেবার ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ইংলিশরা। এরপর ২০০৩, ২০০৭ ও ২০১৫ আসরে অজিদের কাছে হেরেছে ইংল্যান্ড।