বেড়েই চলেছে হত্যাকান্ড

নাটোরে ৬ মাসে ২৫ খুন

পারিবারিক বিরোধ, রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তার, মাদকের আগ্রাসন, ছিনতাইসহ নানা কারণে নাটোরে হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলছে। চলতি বছরের ছয় মাসে জেলায় ২৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু জুন মাসেই সাতজন খুন হয়েছেন। নাটোরের সাতটি উপজেলায় প্রায় প্রতি মাসেই নানা কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর বেশির ভাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় প্রকাশ্যে। ছিনতাই, আধিপত্য বিস্তার, মাদকের আগ্রাসনসহ পারিবারিক বিরোধে প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

গত ১২ জুন নাটোরের লালপুরে আলোক বাগচি নামের একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ১৩ জুন গুরুদাসপুরে হত্যা মামলার প্রধান আসামি জালাল উদ্দিনকে কুপিয়ে এবং হাত-পা কেটে হত্যা করে প্রতিপক্ষ। আর ১৪ জুন নলডাঙ্গায় আমেনা খাতুন নামে স্বামী পরিত্যক্ত এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। একই দিনে সিংড়ায় ১২ বছর বয়সী হেদায়েত আলী নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করে তার সৎ ভাই। বড়াইগ্রামের বনপাড়ায় আধিপত্য বিস্তারের জেরে গত ২ জুন হাতুড়ি দিয়ে পিটিয়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানাকে হত্যা করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, জেলায় চলতি বছরের ছয় মাসে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ হত্যার ঘটনা ঘটে প্রকাশ্যে। এসব হত্যাকাণ্ড মামলার বেশির ভাগ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

জেলা পুলিশের তথ্য মতে, জেলায় ২০১৬ সালে ১৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর ২০১৭ সালে জেলায় ৪২টি হত্যা মামলা হয়। ২০১৮ সালে হত্যার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ তে। সব মিলিয়ে নাটোরে দিন দিন হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলছে। প্রতিনিয়ত যেভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তাতে জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হচ্ছে।

নাটোর পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। এসব হত্যাকা-ের ঘটনা জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।