সাম্প্রদায়িক শক্তি তলে তলে বড় ধরনের হামলা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। দেশের জনগণকে নিয়ে, অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল
কাদের বলেন, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, যেই চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনাবিরোধী শক্তি এখন খুবই দুর্বল এ কথা মনে করার কোনো কারণ নেই।
তিনি বলেন, ‘এখনো সেই সাম্প্রদায়িক মানবতাবিরোধী শক্তি হুমকি দিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক অশুভ শক্তি জঙ্গিবাদের ভয়ংকর মূর্তিতে মাঝেমধ্যে আবির্ভূত হয়। হোলি আর্টিজান, শোলাকিয়ার ট্র্যাজেডির পর আমরা যদি মনে করি সেই সাম্প্রদায়িক অশুভ শক্তির পতন হয়েছে, তাহলে আমরা শ্রীলঙ্কার মতোই ভুল করব। আমাদের প্রস্তুত থাকতে হবে। এখনো ষড়যন্ত্র আছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে, পাকিস্তানপন্থি অশুভ শক্তি তারা মেনে নিতে পারছে না। এই অশুভ শক্তি আমাদের এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। অসাম্প্রদায়িক চেতনা থেকে আওয়ামী লীগ একচুলও সরেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নিয়ে একটা বিভ্রান্তি আছে যে আওয়ামী লীগ নির্বাচনী এলায়েন্সের মধ্যে দিয়ে স্বাধীনতার চেতনা মূল্যবোধের পরিপন্থী কাজ করছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আওয়ামী লীগ কৌশলগত কারণে কৌশলগত পরিবর্তন এনেছে, কিন্তু আদর্শিকভাবে বাংলাদেশের জন্মের চেতনা থেকে, আমাদের শিকড় থেকে আমরা একচুলও সরে যাইনি। আমরা আমাদের শিকড়ের সঙ্গে আছি, থাকব।
আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।