বনানীর আগুনের ঘটনায় দুদকের দুই মামলা

রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন খাদেম ও ভবন মালিক সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুকসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ১৯ জনই রাজউক কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের (দুদক)  সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়। মামলা নম্বর ২ ও ৩। দুটি মামলারই বাদী প্রধান কার্যালয়ে কর্মরত উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক। এর মধ্যে ২নং মামলায় আসামি রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন খাদেম, সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহম্মেদকে আসামি করা হয়েছে। ২নং মামলায় বলা হয়, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনে সংশোধিত নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ২৩ তলা ভবন নির্মাণ করে এজহারভুক্ত পাঁচ আসামি দ-বিধির ৪২০, ৪১১, ১৬৬, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন। ৩নং মামলায় ২০ জনকে আসামি করে দ-বিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪১১, ১৬৬ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়।

এজাহারে বলা হয়েছে, ২০০৩ সালে ১৮ তলার স্থলে দ্বিতীয় পর্যায়ে ২৩ বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়। ভবনের ১৯, ২০, ২১, ২২ ও ২৩ তলা নির্মাণের ক্ষেত্রে রাজউকের কোনো ছাড়পত্র ফি প্রদান ও নকশা অনুমোদন করা হয়নি। ভবনের বর্ণিত ফ্লোরগুলো নির্মাণের সময় রাজউক থেকে তদারকির দায়িত্বে থাকা সৈয়দ নাজমুল হুদা, মো. সামছুর রহমান, মো. মাহাবুব হোসেন সরকার, মো. আওরঙ্গজেব সিদ্দিকী ওরফে নান্নু ও নজরুল ইসলাম ছাড়পত্র ইস্যু, ফি জমা এবং নকশা অনুমোদন ব্যতিরেকে ভবন নির্মাণের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ না নিয়ে অননুমোদিত ভবন নির্মাণে সহযোগিতা করেছেন।