হতে পারেন ক্রিকেট ঈশ্বর, সর্বকালের সেরা ব্যাটসম্যান, মাস্টার-ব্লাস্টার! তবে বলে মহেন্দ্র সিং ধোনির মতো সফল নন শচীন টেন্ডুলকার। তাইতো মাহির সমালোচনা করে পার পেলেন না লিটল মাস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেন ট্রলড। শচীনকে কটুক্তি করতেও ছাড়ছেন না ধোনি সমর্থকরা।
সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হেলায় হারালেও আফগানিস্তানের বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়েছে বিরাট কোহলিদের। আফগানদের বিপক্ষে মাত্র ২২৪ রান তুলেছিল ভারত। পঞ্চম উইকেটে ধোনি ও কেদার যাদবের ৫৭ রানের পার্টনারশিপে ভর করে দুশোর গণ্ডি টপকাতে পারে টিম ইন্ডিয়া।
৫২ বল খেলে মাত্র ২৮ রান করেছিলেন ধোনি। ইনিংসের ৪৫তম ওভারে স্টাম্পড হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই উইকেট-কিপার ব্যাটসম্যান। ২০১১ পর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বার স্টাম্প আউট হন মাহি। স্লগ ওভারে স্বাভাবিক ব্যাটিং না করতে পারায় ধোনির সমালোচনা করেন শচীন। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে ধোনির ইতিবাচক ব্যাটিং করা উচিত বলেও মন্তব্য করেন মাস্টার ব্লাস্টার।
ভারতীয় ইনিংসের পর সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং সম্পর্কে শচীন বলেছিলেন- “ভারত অত্যন্ত স্লো ব্যাটিং করেছে। ৩৪ ওভার স্পিন খেলেও মাত্র ১১৯ রান তোলে। এটা আমাদের মোটেই স্বস্তি দিচ্ছে না। ভারতীয় ব্যাটসম্যানদের কোনও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না।”
এই মন্তব্যের জন্য শচীনকে তুলোধনা করেন ধোনি সমর্থকরা। টুইটার শচীনের উদ্দেশে ধোনির এক ভক্ত লিখেছেন- “টেন্ডুলকার ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেছেন। আর ধোনি দেশের জন্য। শচীন নয়, ধোনিই ভারতরত্ন পাওয়ার উপযুক্ত।”
ধোনির আরেক ভক্ত লিখেছেন- “শচীন ধোনিকে স্ট্রাইকরেটের কথা বলেছেন। কিন্তু উনি তো ৯০ থেকে ১০০ করতে দু’ডজন বল খেলতেন।”