পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। এমন বিষম চাপের ম্যাচে বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে বোলিংয়ে নামতে যাচ্ছে সরফরাজ আহমেদের দল।
বিশ্বকাপে এখনও অপরাজিত নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার পর সেমি-ফাইনাল নিশ্চিত করবে গত আসরের রানার্স আপরা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে মুখিয়ে কেন উইলিয়ামসনের দল।
পয়েন্ট টেবিলের দুই নম্বর দল নিউজিল্যান্ড। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে ফল পেয়েছে দলটি। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত। ম্যাচ ছয়টিতে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে কিউইরা।
অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২ জয়ে টেবিলের সাত নম্বরে আছে পাকিস্তান। তবে নানা চড়াই-উতরাই সঙ্গী করে এগিয়ে চলা দলটি শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়ে দেয়। ওই জয়ের পর আবারও উজ্জীবিত হয়ে উঠেছে পাকিস্তান। খেলোয়াড়রা ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস।
কিন্তু আসরে এখন পর্যন্তই অপরাজিত নিউজিল্যান্ড। একটি ম্যাচেও তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি তাদের। দলটিকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে পাকিস্তানকে।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপে অন্যতম ভরসা উইলিয়ামসন ও রস টেইলর। কারণ তারা দুজনই মূলত দলটির ব্যাটিং টানছেন। বাকিরা খুব একটা ছন্দে নেই। অবশ্য তাদের বোলিংটা বেশ পোক্ত। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনিরদের পর আসেন লকি ফার্গুসন। মাঝের ওভারগুলোতে গতির ঝড় তুলে কাঁপিয়ে দেন প্রতিপক্ষদের। কিউই পেসারদের সামলানো পাকিস্তান ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।
নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে রান পেয়েছেন বাবর আজম ও হারিস সোহেল। দুজনেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। ওপেনিংয়েও ভালো শুরু এনে দিয়েছিলেন ফখর জামান ও ইমাম উল হক। ব্যাটিংয়ে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে জ্বলে উঠতে হবে দলটির বোলারদেরও।
টানা ছয় ম্যাচে অপরিবর্তিত একাদশে নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে পাকিস্তানও।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কনিল মানরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটকিপার), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বল্ট