কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্য বন্ধে পুলিশের মাইকিং

কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্য বন্ধে ব্যাপক মাইকিং কার্যক্রম পরিচালনা করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

সোমবার থেকে জেলার ৯ টি উপজেলার বিভিন্ন স্থানে রিকশায়, অটো রিকশায়, ব্যাটারি চালিত রিকশা ও মাইক্রোবাসে এ বিষয়ে মাইকিং করা হয়। ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের মাইকিং জনমনে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই থেকে শুরু করে পরীক্ষা কার্যক্রম। চলবে আগামী ৯ তারিখ পর্যন্ত।

জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত এই প্রচারণা চলবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন খান (বিপিএম, পিপিএম) মহোদয় যোগদানের পর থেকেই সকল প্রকার ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। তার নির্দেশেই কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কারও সাথে ঘুষ লেনদেন না করতে সতর্ক করে ব্রাহ্মণাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সকল উপজেলায় মাইকিং করা হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশে নিয়োগ পরীক্ষা এলে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে এবার আগে থেকে জনগণকে সচেতন করতে জেলার সকল উপজেলায় পুলিশের পক্ষ হতে মাইকিং শুরু করা হয়েছে। ঘুষ লেনদেনের বিষয়টি তথ্য প্রমাণসহ দিতে পারলে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা মাইকে প্রচার করা হচ্ছে।

এদিকে ঘুষ বাণিজ্য বন্ধে পুলিশের মাইকিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ জনগণ। তাদের বক্তব্য এভাবে সরকারের প্রতিটি নিয়োগেই ঘুষ ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা দরকার।

জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, কনস্টেবল নিয়োগে ঘুষ বাণিজ্য বন্ধে পুলিশের এমন মাইকিং কার্যক্রম প্রথম দেখছি। এটা ব্যতিক্রমী উদ্যোগ। এভাবে নিশ্চয় আমাদের মধ্যে সচেতনতা আসবে।