ইয়ান স্মিথ তার সময়ে ছিলেন নিউজিল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম। কিউইদের হয়ে খেলেছেন ১৯৮০ সাল থেকে ১৯৯২ পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষে টানা ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন, বিশেষ করে নিউজিল্যান্ড-সংশ্লিষ্ট প্রায় সব ম্যাচে। বিশ্বকাপেও আছেন। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিন ছিলেন ধারাভাষ্যে। একপর্যায়ে বলেন, ‘বাংলাদেশের ভালো না করাটা আরও বেশি অবাক করে আমাদের।’
বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এখনো ভালোভাবেই টিকে আছে বাংলাদেশ। সাত ম্যাচে তিনটিতে জয় পেয়েছে মাশরাফীর দল। একটি পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে। বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের খেলার প্রশংসা করেন স্মিথ। বলেন, ‘বাংলাদেশ এখন আমাদের কাছে এমন একটি দল যারা ভালো করলে আর অবাক হই না; কিন্তু যখন তারা ভালো করে না তখন আমাদের আরও বেশি অবাক করে দেয়।’
স্মিথের এমন কথা বলার পেছনে কারণও আছে। বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচে খেলেছিলেন ইয়ান স্মিথ। শুনে অবাক হচ্ছেন? চলুন একটু পেছনের দিকে ফিরে যাই। তখন বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নবীন। প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল ১৯৮৬ সালে। আর টেস্ট স্ট্যাটাস না থাকায় সে সময়ে বাংলাদেশের তেমন সুযোগ ছিল না এশিয়ার বাইরের দেশগুলোর সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার। তবে ১৯৯০ সালে শারজায় অনুষ্ঠিত অস্ট্রেলেশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। সেখানেই নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচটি ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মাত্র ষষ্ঠ ম্যাচ।
সেই ম্যাচে কিউইরা করেছিল ৪ উইকেটে ৩৩৮ রান। জন রাইটের দলের উইকেটকিপার ইয়ান স্মিথের ব্যাট করার সুযোগ হয়নি ম্যাচে। জবাবে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৭৭ রান। সেই ম্যাচের নয় বছর পর প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। পরের বছর পায় টেস্ট স্ট্যাটাস। সেই বাংলাদেশ এখন অনেক পরিণত। তার প্রমাণ দিতেই যেন স্মিথের উক্তিটি টুইটারে শেয়ার করে সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপ লেখেন, ‘এই উক্তিটি বলে দিচ্ছে বিশ্ব ক্রিকেটে কোথায় পৌঁছেছে বাংলাদেশ।’