সিরাজগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রড-সিমেন্ট ব্যবসায়ী আলতাফ হোসেন মুকুল (৬০) ও তার বৃদ্ধা মা রাজিয়া খাতুনকে (৯০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দূর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে বুধবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের মৃত বাছেদ মাস্টারের ছেলে ও স্ত্রী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার কাজ শুরু করেছে।

এ ব্যাপারে নিহত মুকুলের শ্যালক আব্দুল মান্নান রতন বলেন, “স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার এশার নামাজের পর মা ও ছেলে রাতের খাওয়ার জন্য প্রস্তুত হয়। এ সময় বাড়ির ঠিকা কাজের মেয়ে তার বাড়িতে চলে যায়।

সকালে এসে ঘরে মা ও ছেলের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়।

তিনি জানান, দুটি লাশের গলা কাটা রয়েছে। এছাড়া পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘাতকরা হত্যার পর বাড়ির পাশের মসজিদে ওজুখানায় হাত ধুয়েছে ও পাশের দেয়ালে রক্ত মুছেছে তার চিহ্ন রয়েছে।

নিহতের শ্যালক আব্দুল মান্নান রতন বলেন, মসজিদ কমিটি নিয়ে এ গ্রামের কতিপয় ব্যক্তির সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। তার ধারণা এ দ্বন্দ্বের জের ধরে নৃশংস হত্যার ঘটনাটি ঘটতে পারে।

এ ব্যাপারে উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ বলেন, এখনই এ ব্যাপারে কিছু বলা সম্ভব হচ্ছে না। লাশের সুরতহাল তৈরির কাজ চলছে। এটি শেষ হলে প্রাথমিক অবস্থা সম্পর্কে বলা সম্ভব হবে।