বাকি ম্যাচগুলোতে ‘সৌভাগ্যের’ হলুদ জার্সি পরবে শ্রীলঙ্কা

বাজে পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা শিবিরে লেগেছে আশার হাওয়া। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় দশ দলের এ টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে দলটি। এখন ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ‘সৌভাগ্যবান’ হলুদ জার্সি গায়েই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচগুলো গাড় নীল রঙ্গের জার্সি পড়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। এখন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে গায়ে চাপাবে হলুদ রঙ্গের জার্সি। এ ব্যাপারে আইসিসির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “রঙ হিসেবে হলুদ জার্সি ব্যবহারে আমরা শ্রীলঙ্কার অনুরোধ অনুমোদন দিয়েছি। টুর্নামেন্ট শুরুর আগে সব দলই বিকল্প হিসেবে একটা রঙ পছন্দ করেছে।”

১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সামনে গ্রুপ পর্বে আর তিনটি ম্যাচ বাকি আছে। শুক্রবার লঙ্কানরা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এরপর বাকি দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ভারত ও নিউজিল্যান্ডও কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।