রিফাত হত্যার মামলায় গ্রেপ্তার ৩

বরগুনায় প্রকাশ্যে সড়কে অনেক পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আরো দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে চন্দন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর দুপুরে গ্রেপ্তার হয় মামলার ৯ নম্বর আসামি হাসান (১৯)। তদন্তের স্বার্থে দুপুরে গ্রেপ্তার আরেক আসামির নাম জানায়নি পুলিশ।

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘আমরা এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের নাম তদন্তের স্বার্থে বলতে চাচ্ছি না। বাকি আসামিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে। আশা করি দ্রুতই বাকিরা গ্রেপ্তার হবেন।’

বৃহস্পতিবার সকালে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এ মামলার ৪ নম্বর আসামি চন্দন।