আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার কথা চিন্তা করে আগামীকাল শনিবার আন্তঃব্যাংক পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থা বিডি আরটিজিএস খোলা থাকবে। ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাগুলোকে ওইদিন খোলা রাখতে গতকাল বৃহস্পতিবার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওইদিন সকল রাজস্ব অফিসও খোলা রাখতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শনিবার দেশের সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তঃব্যাংক লেনদেন সম্পাদনের জন্য বিডি-আরটিজিএসের ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট ব্যবস্থা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।