ভারতের রাজধানী দিল্লির কাছে কংগ্রেস দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরীকে ফরিদাবাদে হত্যা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকাশ চৌধুরী (৩৮) একটি জিম থেকে বের হয়ে চলে যাওয়ার সময় তার ওপর হামলা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিকাশ জিম থেকে বের হয়ে গাড়িতে ওঠার পরই হামলাকারীরা গাড়িটির সামনে গিয়ে গুলি শুরু করে। গুলি উইন্ডস্ক্রিন ভেদ করে বিকাশের গায়ে লাগে।
পুলিশ জানিয়েছে, কংগ্রেসের এই নেতাকে লক্ষ্য করে ১০টিরও বেশি গুলি ছোড়া হয়েছে। একটি মারুতি সুজুকি গাড়িতে করে আসা চার হামলাকারী ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে তারা। এ ঘটনার জন্য হরিয়ানার বিজেপিদলীয় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে রাজ্য কংগ্রেস। সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিকাশ। নতুন দলে যোগ দেওয়ার পর তাকে হরিয়ানা কংগ্রেসের মুখপাত্রের পদ দেওয়া হয়েছিল। এ নিয়ে সাবেক দলের নেতাকর্মীদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।