পাকিস্তানের জয়ের পর সমালোচকদের যা বললেন সানিয়া

অল্প কিছুদিনের মাঝে মুদ্রার দুই পিঠ দেখল পাকিস্তান ক্রিকেট আর দেখাল সমর্থকেরা। এই বদলে যাওয়াটা হয়েছে শুধু পাকিস্তানের ভালো খেলার বদৌলতে। সে জন্য খেলাকে অবিশ্বাস্য উল্লেখ্য করে টুইট করলেন ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।

সানিয়া টুইট করে বলেন, ‘‘সমর্থকদের মাঝে ভারসাম্য অবিশ্বাস্য খেলা ছাড়া আর কী আনতে পারে?’’ সানিয়ার এই কথাতে সমালোচকদের প্রতি জবাবও কি থাকল না?

বিশ্বকাপে ভারতের কাছে হারের পর সবাই পাকিস্তানের পতন দেখে ফেলেছিল। দেশটির ক্ষুব্ধ সমর্থক থেকে শুরু করে সাবেক পাকিস্তানিরাও ছিঁড়েফুঁড়ে ফেলছিল পাকিস্তান ক্রিকেট দলকে।

খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে, তাদের পরিবারকেও টেনে-হিঁচড়ে নিয়ে এসেছে সবাই। সরফরাজের ফিটনেসের ঘাটতি নিয়ে তাকে প্রকাশ্যে এক সমর্থক বাজে ভাষায় কথা শুনিয়েছে। শোয়েব মালিক-সানিয়া মির্জার পার্টিতে যাওয়ার ভিডিও ভাইরাল করেছে। জনরোষে পড়া পাকিস্তান দল তাই অন্ধকারে আলো হাতড়ে বেড়াচ্ছিল।

অবশেষে ব্যাটসম্যানদের দৃঢ়তায় এবং বোলিং নৈপুণ্যে নিজেদের খুঁজে পেয়েছে পাকিস্তান দল। শেষ দুই ম্যাচে প্রোটিয়া আর কিউইদের বধ করে হালে পানি ফিরিয়েছে। এখনো সেমিফাইনাল দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে।

আর তাই তো সেই ক্ষুব্ধ সমর্থকেরা ফিরে গেছেন বিপরীত অবস্থানে। দলের প্রতি শুভকামনা জানাচ্ছেন। প্রার্থনায় রত হচ্ছেন। সাবেক খেলোয়াড়রাও দলকে সমর্থন দিচ্ছেন।