যশোর কোতয়ালি থানার মাত্র ২০ গজ পেছনে দিনদুপুরে এক জুয়েলার্সে কৌশলে চুরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সংঘটিত এ ঘটনায় ৪০ থেকে ৫০ ভরি সোনা চুরি হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
প্রিয়াঙ্গন জুয়েলার্সের মালিক অমিত রায় জানান, দুপুরের খাবারের জন্য বিকেল সাড়ে ৩টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সাড়ে ৪টার দিকে খবর পান তার দোকানে চুরি হয়েছে।
সিটিভির ফুটেজে দেখা যায়, চোরেরা একটি বড় পলিথিন ভাঁজ করার নামে দোকানের সামনে আড়াল তৈরি করে। এরপর শাটারের তালা খুলে একজন দোকানের ভিতরে ঢোকে। সিসি ক্যামেরা থেকে মুখ আড়াল করার জন্য মুখমণ্ডল কালো কাপড়ে ঢেকে নেয়। এরপর লুটে নেয় একে একে সব গহনা। এসময় বাইরে অপেক্ষায় ছিল আরও ৭-৮ জন। ১০ মিনিটে এ চুরির কাজ সম্পন্ন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, চোর শনাক্তে ওই দোকানের ভিতরের এবং বাইরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।