ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষক কোয়ার্টারের পেছন থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন। শাহবাগ থানার এসআই মো. এহসানুল হক দেশ রূপান্তরকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে কোয়ার্টারের পেছন থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। গামছা পেঁচানো ছিল নবজাতকটি। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।