এরশাদ এখনো শঙ্কামুক্ত নন

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের।

গতকাল বৃহস্পতিবার  দুপুরে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টির খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় জিএম কাদের এরশাদের শারীরিক অবস্থা তুলে ধরেন। পরে রাতেও তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এরশাদের শারীরিক অবস্থা ২৫ শতাংশ উন্নতি হয়েছে। বুধবার রাত পর্যন্ত ১০ শতাংশ উন্নতি হয়েছিল। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। তার সংক্রমণ যেন না বাড়ে সে জন্য তাকে আইসিইউতে রেখে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরশাদের পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।

পরে গতকাল রাতে সিএমএইচে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে জিএম কাদের সাংবাদিকদের বলেন, এখন তার শারীরিক অবস্থার অনেক উন্নতি লক্ষ করা যাচ্ছে। তিনি চোখ মেলছেন। দু’একটি কথাও বলছেন। কোনো কথা বললে সেটার উত্তর দিচ্ছেন। তবে ডাক্তাররা এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন। তবে যেভাবে উন্নতি হচ্ছে, তাতে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ডাক্তাররা জানিয়েছেন। আমরা আশাবাদী। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।

জিএম কাদের আরও বলেন, এখনো সিএমএইচের ওপর আমাদের আস্থা আছে। বিশ^াস আছে। ডাক্তাররা বলেছেন, তার (এরশাদের) যে রকম অবস্থা, সেটার চিকিৎসা করতে তারা সক্ষম। যদি কখনো তাদের মনে হয় উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যেতে হবেÑ সেটা তারা আমাদের জানাবেন।

অনেক দিন ধরেই এরশাদ অসুস্থ। জনসম্মুখে আসছেন না তিনি। হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ তার দৈনন্দিন জীবন। সর্বশেষ গত রোজায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে অল্প সময়ের জন্য যোগ দিয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।