সাতক্ষীরায় বজ্রপাতে নববধূসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

একই পরিবারের তিনজনসহ সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে কালীগঞ্জ ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলার রতনপুরে একই পরিবারের তিনজন ও আশাশুনি উপজেলার বুধহাটায় এক ঘের কর্মচারী মারা যান বজ্রপাতে।

আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের প্রদীপ সরদারের ছেলে জুয়েলসহ তিনজন মাছের ঘেরে কাজ করছিল। এ সময় বজ্রপাতে কর্মচারী জুয়েল সরদার (২৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহলে আদম আলীর বাড়ির টিনের চালে বজ্রপাতে একই পরিবারের তিনজন মারা যান।

তিনি বলেন, বেলা ১১টার দিকে আদম আলীর বাড়ির টিনের চালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আদম আলীর বড়ছেলে আল আমিন (২২), আল আমিনের নববধূ সাবিনা ইয়াসমিন (১৮) ও আদম আলীর ছোটছেলে রবিউল ইসলাম (১৯)।

আদম আলীকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আজিজ আরও বলেন, পরিবারের সবাই ঘরে অবস্থানকালেই বজ্রপাতের ঘটনাটি ঘটে।