ছবিটি লজ্জায় ফেলেছে অমিতাভের মেয়েকে

স্মৃতির ঝাঁপি খুলে দিলেন অমিতাভ বচ্চন। ভক্তরা খুশি হলেও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লজ্জায় ফেললেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে।

বৃহস্পতিবার বিগ বি ‘ফেলে আসা’ দিনের ছবি উপহার দিয়েছেন ভক্তদের। যার গল্প হলো- সমুদ্র তীরে সপরিবারে বেড়াতে গিয়ে মেয়ের ন্যাপি বদলাচ্ছেন তিনি!  অর্থাৎ, পর্দায় তিনি অ্যাংরি ইয়ং ম্যান। বাস্তবে সন্তানদের পারফেক্ট পাপা।

পাশাপাশি, মেয়ের সঙ্গে হালের একটি ছবিও পোস্ট করেছেন ৭৬ বছরের রাগী যুবক। ক্যাপশনে বাবার আক্ষেপ, “একটা দিন এ রকমও ছিল। কবে যে বদলে গেল সব, টেরই পেলাম না!”

ছবি ও এমন মন্তব্য কয়েক ঘণ্টার মধ্যে ৬ লাখ লাইক পেয়েছে।

যদিও সেই ছবি শ্বেতাকে ভীষণ লজ্জায় ফেলেছে। তিনি মন্তব্য করেছেন, “হে খোদা! বাবা মাঝে মাঝেই এমন লজ্জায় ফেলে দেয়।”

অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই শ্বেতার ছবি দেখা যায়। আর ছবিগুলো বারবার মনে করিয়ে দেয়, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড!

এই মুহূর্তে অমিতাভ ভীষণ ব্যস্ত ‘গুলাবো সিতাবো’র শুট নিয়ে। এ ছাড়া পাইপ লাইনে আছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’, নাগার্জুনের ‘ঝুন্দ’, ‘চেহারা’ ও একটি তেলুগু ছবি। মার্চেই রিলিজ হয়েছে তার সর্বশেষ ছবি সুজয় ঘোষের ‘বদলা’। সঙ্গে ছিলেন তাপসী পান্নু।