স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনগণকে ভালো পানি পেতে হলে টাকা দিতে হবে।
তিনি বলেন, 'জনগণকে বুঝাতে হবে যদি আপনারা টাকা না দেন তাহলে ভালো পানি পাবেন না।'
শুক্রবার দুপুরে চট্টগ্রামের এক অনুষ্ঠানে এমনটা বলেন মন্ত্রী।
তার অধীনে থাকা পানি সরবরাহ করা কোনো প্রতিষ্ঠান স্বনির্ভর নয় জানিয়ে তাজুল ইসলাম বলেন, তাদের টাকা ধার করে চলতে হয়।
তিনি ওয়াসাকে স্বনির্ভর করা হবে জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানের ধার করাও বন্ধ হবে।
তবে কীভাবে তা হবে তা জানাননি মন্ত্রী।
চট্টগ্রাম ওয়াসা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণকে বুঝাতে হবে কেন পানির জন্য টাকা দিতে হবে।
'যদি ওয়াসার অ্যাকাউন্টে কোনা টাকা না থাকলে তাহলে সে তার ধার শোধ করবে কীভাবে? ওয়াসা এখন লসে আছে ফলে, সরকারের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।'
তিনি চট্টগ্রাম ওয়াসাকেও টাকা সঞ্চয়ের তাগাদা দেন।
অনুষ্ঠানে চসিক মেয়র আজম নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।