রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে। তবে নিবিড় চিকিৎসার জন্য তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। এ ব্যাপারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, চিকিৎসকরা সকালে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের শারীরিক অবস্থা আগের চেয়ে প্রায় ৪০ শতাংশ উন্নতি হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার যে চিকিৎসার দরকার, তা তারা দিচ্ছেন। গতকাল শুক্রবার তিনি তার উত্তরার বাসা থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
জাপার এক প্রেসিডিয়াম সদস্য দেশ রূপান্তরকে বলেন, রক্তে ইনফেকশন কমানো সম্ভব হয়নি। তবে ইনফেকশন আগের চেয়ে বাড়েনি। শারীরিক দুর্বল অবস্থার কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া যাচ্ছে না। জ¦র নেই। রক্তচাপ স্বাভাবিক।
এর আগে গতকাল সন্ধ্যায় হাসপাতালে এরশাদকে দেখতে আসেন তার স্ত্রী ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এক বিবৃতিতে রওশন এরশাদ হাসপাতালের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।