হবিগঞ্জের লাখাই উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের উপর হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ওই কৃষি কর্মকর্তা বাদী হয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয় গরিব কৃষকদের দেয়ার জন্য খাদ্য অধিদপ্তর থেকে সাইলো (প্লাস্টিকের ড্রাম) আসে। কিন্তু সাইলোগুলো বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন তার লোকদের দেয়ার জন্য বলেন। কৃষি কর্মকর্তা এতে রাজি না হলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হন।
তিনি জানান, এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুড়াকড়ি গ্রাম থেকে অফিসের কাজ শেষে ফেরার পথে উপজেলা পরিষদ গেটের সামনের রাস্তায় চেয়ারম্যান মামুন ও তার লোকজন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা করেন। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।