নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক মুদি দোকানিকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া ওই দণ্ডাদেশ দেন। কারাদণ্ডনদেশ পাওয়া রেয়াজুল ইসলাম (৩৫) সৈয়দপুর পৌর শহরের হাতিখানা মহল্লার বাসিন্দা।
সৈয়দপুর থানা-পুলিশ জানায়, পৌর শহরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল মুদি দোকানি রেয়াজুল ইসলাম। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা গত শুক্রবার বিকেলে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় অভিযান চালিয়ে রেয়াজুলকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রেয়াজুলকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম গোলাম কিবরিয়া। সৈয়দপুর থানার পরিদর্শক শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।